
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানান।
তিনটি প্রধান উপখাতে বরাদ্দ ভাগ করে দেওয়া হয়েছে—প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ৪৭ হাজার ৫৬৩ কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।
অর্থ উপদেষ্টা বলেন, “একটি টেকসই অর্থনীতি গঠনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই এবারের বাজেটে কর্মোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।”
প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নের অংশ হিসেবে ইতোমধ্যে সারাদেশে প্রায় ৬ হাজার শ্রেণিকক্ষ, ১৭ হাজারের বেশি ওয়াশব্লক এবং ৪ হাজার ৪৫০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া, চলতি শিক্ষাবর্ষে প্রায় ৯ কোটি ২০ লাখ বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন... নতুন অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড়, কমতে পারে দাম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিয়ে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম হালনাগাদ করে ‘আউটকাম বেইজড এডুকেশন’ পদ্ধতি চালু করা হয়েছে। ৬২টি প্রকল্পের মাধ্যমে ১ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা সহায়ক কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।
তিনি জানান, চলতি অর্থবছরে প্রায় ৬০ লাখ শিক্ষার্থী উপবৃত্তির আওতায় এসেছে এবং সংশোধিত পাঠ্যপুস্তক বিতরণের জন্য ১ হাজার ৬২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ও গ্রাচ্যুইটি প্রদানসহ পেশাগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
কারিগরি শিক্ষায় বর্তমানে ১৯ শতাংশ এনরোলমেন্ট রয়েছে, যা ২০২৫ সালের মধ্যে ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ১৩৫টি ভবন নির্মাণ শেষ হয়েছে এবং আরও ৫১৩টি নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি, ৪৯৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে।
আরও পড়ুন... তথ্যপ্রযুক্তি খাতে ১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব
মাদ্রাসাসমূহ এমপিওভুক্তি ও ইবতেদায়ি পর্যায়ের বৃত্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭২৮ কোটি টাকা।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের ভিত্তি গড়ে দেবে। তাই আমরা কর্মমুখী ও যুগোপযোগী শিক্ষার ওপর জোর দিচ্ছি, যাতে যুবসমাজ দক্ষ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত