
অবশেষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই ইতালিয়ান কোচ চুক্তির আনুষ্ঠানিকতা সেরেই ঘোষণা করেছেন তার প্রথম ব্রাজিল স্কোয়াড। তবে বড় চমক হলো—এই দলে জায়গা পাননি দলের তারকা ফরোয়ার্ড নেইমার।
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আনচেলত্তি দলে ফিরিয়েছেন কিছু পুরনো মুখ—ক্যাসেমিরো, রিচার্লিসন ও আন্তনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১০ জুন প্যারাগুয়েকে স্বাগত জানাবে ভিনিসিয়ুসরা।
নেইমার বর্তমানে ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হলেও সম্প্রতি চোটে ভুগছেন। পেশির ইনজুরি কাটিয়ে ঘরোয়া ক্লাব সান্তোসের হয়ে শেষ দুটি ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলে অনুপস্থিত আছেন এই সুপারস্টার। আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে গিয়ে বাম পায়ের এসিএল ও মেনিসকাসে গুরুতর চোট পান তিনি।
আরও পড়ুন... ফুটবলের সর্বকালের সেরা কে? বিতর্কের কোনো শেষ নেই
এ বিষয়ে কোচ আনচেলত্তি বলেন, “আমি এমন খেলোয়াড়দের বেছে নিয়েছি, যারা বর্তমানে ভালো ফর্মে আছে। নেইমার এখনও সেরে উঠছে এবং সে আমাদের পরিকল্পনার বাইরে নয়। সে আমাদের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”
এদিকে বাছাইপর্বে এখনো নিশ্চিত হয়নি ব্রাজিলের বিশ্বকাপের টিকিট। এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচে পাঁচটিতে হেরে বসেছে তারা। ১০ দলের মধ্যে বর্তমানে ব্রাজিল অবস্থান করছে চতুর্থ স্থানে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত