
সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের বিভেদ বা মুখোমুখি অবস্থান নেই বলে জানিয়েছে সেনা সদর। সোমবার (২৬ মে) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য দেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্রিফিংয়ে সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা বলেন, “সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় এবং সমন্বিতভাবে রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আমরা একসঙ্গে কাজ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সত্য নয়।”
তিনি আরও বলেন, “সেনাবাহিনী সব সময় দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো বিষয়ে সেনাবাহিনী কখনোই যুক্ত হয় না। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেই না।”
আরও পড়ুন... জাতীয় নাগরিক পার্টির নির্বাচনের রোডম্যাপ চাওয়ার আহ্বান
বন্দর ও করিডর ইস্যুতে এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা স্পষ্ট জানান, জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সেনাবাহিনী তার কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও একই নীতিতে কাজ করবে।
এদিকে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে—এ ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো আগ্রহ নেই, এমনকি আমাদের অভ্যন্তরেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি।”
তিনি আরও জানান, মাসব্যাপী সেনাবাহিনীর পরিচালিত বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে জনস্বার্থে পরিচালিত হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত