
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের কয়েকটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে।
বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ। বৈঠকটি মূলত দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা ও ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন... “রাজনীতিতে শীর্ষে থাকা জামাতের লক্ষ্য নয়”
বিএনপির সঙ্গে আলোচনার পরপরই জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দেশের পরিস্থিতি বিবেচনায় তারা ইতোমধ্যে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব রেখেছেন। এই প্রেক্ষিতে শনিবার রাতের জন্য তাদের সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে।
এছাড়াও, রাত সাড়ে ৮টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দলও ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেবে।
আরও পড়ুন... বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী
রাজনৈতিক সংলাপ ও সমঝোতার লক্ষ্যে ধারাবাহিক এই বৈঠকগুলোকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
উপদেষ্টা: এ কে আজাদ চৌধুরী
সম্পাদক ও প্রকাশক: কামরুল হাসান শান্ত
সহ সম্পাদক: সাখাওয়াত হোসেন
© পদ্মা নিউজ ২০২৫ - এর সর্বস্বত্ব সংরক্ষিত